বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:১০
শিরোনাম :

অনুমোদন ছাড়া গড়ে তোলা বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নামছে রাজউক

ডেক্সরিপোর্ট: গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, নিয়ম না মেনে নকশা ও অনুমোদন ছাড়া  কোন এলাকায় কতগুলো ভবন নির্মিত হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে আমরা সর্বোচ্চ সময় রেখেছি ১৫ দিন। আশা করছি ১৫ দিনের আগেই প্রতিবেদন দিতে পারব।

তিনি বলেন, সমালোচনা রয়েছে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না। কিন্তু আমরা প্রতিবেদনগুলোকে আলোর মুখ দেখাব। পত্রিকায় বিজ্ঞাপন আকারে তা প্রকাশ করব৷

রোববার দুপুরে রাজউক ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।

সভায় বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এবং ঢাকা শহরে বিদ্যমান ভবনসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে আশু করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, ১৯৯৬ থেকে ২০০৮ এর মধ্যবর্তী সময়ে নির্মিত ভবনগুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা বা গ্যারেজ রাখার কোনো বিধান ছিল না। সে সব ভবনের জন্য নতুন করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

 

এর আগে রাজউক কর্মকর্তাদের সঙ্গে  দুই ঘণ্টা বৈঠক করেন গণপূর্তমন্ত্রী  শ ম রেজাউল করিম।

এছাড়াও বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার,  অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটওয়ারী, রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।