ডেক্সরিপোর্ট উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা রত্নগর্ভা মোসাম্মৎ মালেকা বেগমকে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ জানান, তার দাদী বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, তার দাদির হাত পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে দুপুরে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ভোলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাস কষ্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। তার এখন উন্নত চিকিৎসা দরকার। তাই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।