ডেক্সরিপোর্ট:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,রাজনীতি মানে অস্ত্রবাজি না; শিক্ষাগ্রহণ করে জনসেবা করা। প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। রাজনীতিকরা ভাবেন পরবর্তী নির্বাচনে কী হবে। আর শেখ হাসিনা ভাবেন পরবর্তী জেনারেশনের কী হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন মাসব্যাপী উদযাপনের উদ্বোধন উপলক্ষে এ আলোচনাসভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনার অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা বিএনপিকে রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এ সংকট বিএনপি কাটিয়ে উঠতে পারবে না।
তিনি বলেন, আজ আইএমএফও বলছে- দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ হয়েছে, আগামীতে সেটি আরও বাড়বে।
আলোচনাসভার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। সভাপতিত্ব করেন ইসমাইল চৌধুরী সম্রাট। এতে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।