রবিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী

ডেস্ক রিপোর্ট ।। অটো চালক নাজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁর নয় মাস বয়সী কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ২৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এবং রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ, বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগ্রাম পরিষদের ২৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কবির খানের সভাপতিত্বে এবং বরিশাল জেলা শাখার সংগঠক রমজান আকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক কমরেড ডা. মনীষা চক্রবর্ত্তী, ২৬ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মো. জসীম উদ্দিন এবং গ্লোবাল ক্যাপসুল লিমিটেড শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত।

নিহত নাজমুলের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বাবা মো. রসিদ মোল্লা, মা মোসা. সালমা বেগম ও স্ত্রী মোসা. নিপা বেগম। এ সময় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৩ জুন থেকে ইজিবাইক চালক নাজমুল নিখোঁজ ছিলেন। পরে ১৫ জুন কালিজিরা নদীর পাড়ে মুন্সিবাড়ির সামনে তাঁর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, একজন ইজিবাইক চালককে হত্যার ঘটনায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়বে।

তাঁরা আরও অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে নিহত নাজমুলের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, যাতে তাঁরা এলাকা ছেড়ে চলে যান। এমন পরিস্থিতিতে এলাকাবাসী নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে আসামিদের গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা নাজমুলের পরিবারের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে বলেন, নিহতের মাত্র নয় মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাবাকে হারিয়ে শিশুটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই শুধু হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করাই নয়, নিহতের পরিবারের নিরাপত্তা ও শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায়ও সরকারকে প্রয়োজনীয় দায়িত্ব নিতে হবে।
বক্তারা অবিলম্বে নাজমুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের ওপর কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করা হলে তা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা নাজমুল হত্যার বিচার, আসামিদের দ্রুত গ্রেফতার এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা বলেন, নাজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের দাবি অব্যাহত থাকবে। তাঁরা দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধীদের বিচারের মুখোমুখি করা এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।