ডেস্করিপোর্ট কুষ্টিয়ার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করার জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে
কুষ্টিয়া জেলা স্কুলের হল রুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ সুষ্ঠু, সুন্দর, অবাধ, সবার কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খায়রুল আলম বিশেষ অতিথি হিসেবে মতবিনিময় সভা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, নির্বাচনের সময় পুলিশের প্রধান কাজ হচ্ছে ব্যালট, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনিক এলাকার আশেপাশের আইন-শৃঙ্খলা ঠিক রাখা ; আর এই কাজগুলো ঠিকভাবে সম্পূর্ণ করার জন্য জেলা পুলিশ কুষ্টিয়া বদ্ধপরিকর।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম ভোটগ্রহণকারী কর্মকর্তা বিশেষ করে প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে আরো বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্য, প্রতি তিনটি ভোট কেন্দ্রের জন্য একটি করে মোবাইল পার্টি, এবং প্রতি ইউনিয়নের জন্য একজন ইন্সপেক্টর এর নেতৃত্বে একটি শক্তিশালী স্ট্রাইকিং পার্টি থাকবে। এছাড়াও সদর উপজেলার ১১ টি ইউনিয়নকে পাঁচটি সেক্টরে ভাগ করে গুরুত্বপূর্ণ প্রথম ৪ টি সেক্টরে ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং পঞ্চম সেক্টরে একজন সহকারী পুলিশ সুপার এর তত্ত্বাবধানে শক্তিশালী পুলিশের একটি করে চৌকস টিম দায়িত্ব পালন করবে। তাদের প্রধান কাজ হচ্ছে নিজ নিজ সেক্টর এলাকার আইন-শৃঙ্খলা ঠিক রাখা এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে নির্বাচনের সুন্দর পরিবেশ ধরে রাখা।

ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা পুলিশের কাছে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোন সাহায্য চাওয়া মাত্রই পুলিশ সেই কাজ তৎক্ষণাৎ করবে এবং এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মো: আনিসুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহি অফিসার (সদর), উপজেলা নির্বাচন অফিসার, (সদর), ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।