শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। দেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ধর্ম যার যার, অধিকার সবার। ধর্মীয় ভেদাভেদ করে কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নে গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘দেশটা আমাদের সবার। ধর্মীয় ভেদাভেদ করে কাউকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।’

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, সবাই যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা-পার্বণ উদ্‌যাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ সময় দেশবিরোধী ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপতৎপরতা মোকাবিলায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পর্যায়ক্রমে দিনাজপুর-৬ আসনের সব কাঁচা রাস্তা পাকা করা হবে। এ ছাড়া সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সম্পূর্ণ কম্পিউটারভিত্তিক ব্যবস্থায় স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।