ডেস্করিপোর্ট ।। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
রোববার (২২ নভেম্বর) এ উপলক্ষে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জিয়াউদ্দিন সিকদার জিয়া বলেন, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মান ও একই সঙ্গে বড় দায়িত্বের বিষয়। বরিশালকে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে নগরবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বরিশালের উন্নয়নকে এগিয়ে নেওয়াই হবে আমার লক্ষ্য।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং বরিশালের সার্বিক উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।