মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৪
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

পাকিস্তানের আরো ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  পাকিস্তান ক্রিকেট দলে মঙ্গলবার (২৩ জুন) নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন।

এ নিয়ে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের মধ্যে, করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ জন পাক ক্রিকেটার। যদিও সফর নিয়ে এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা পাকিস্তানের। দীর্ঘ বিরতি শেষে ফেরার আনন্দে মুখর পাক ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্যে দল ঘোষণাও করা হয়ে গেছে। নিজ দায়িত্বে অনুশীলন শুরু করেছিলেন স্কোয়াডের ক্রিকেটাররা। সফরের পরিকল্পনা, ক্রিকেটারদের প্রস্তুতি সব চলছিল সমানতালে। এসবের অংশ হিসেবেই শুরু হয় ক্রিকেটারদের করোনা টেস্ট।

পরিকল্পনা অনুযায়ী ২৮ জুন ইংল্যান্ডে পা রাখার কথা পাকিস্তান ক্রিকেট দলের। বিমানে চড়ার আগে একবার টেস্ট করার কথা ভাবে দল। আর সেই টেস্ট থেকেই আসছে একের পর এক দু:সংবাদ।

টেস্টের প্রথমদিনে করোনা শনাক্ত হন তিন ক্রিকেটার হারিস রউফ, শাদাব খান ও হায়দার আলী। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়েছে। এবার নতুন করে শনাক্ত হয়েছেন আরো সাত ক্রিকেটার। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামানের সঙ্গে আক্রান্তের তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাটি ও মোহাম্মদ হাসনাইন।

গেল সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করে পাকিস্তান। স্কোয়াডের দশজনই হলেন আক্রান্ত। এখনো টেস্ট করা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। এক তৃতীয়াংশ ক্রিকেটারের আক্রান্তের পরও, পিসিবি আশা করছে, নির্ধারিত সময়েই হবে ইংল্যান্ড সফর।

এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেটের সিইও ওয়াসিম খান বলেন, সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক। সূচী অনুযায়ী ২৮ তারিখই দল দেশ ছাড়বে। সৌভাগ্যবশত, টেস্টের জন্য যারা আমাদের পছন্দের তালিকায় আছে, রিজওয়ান ছাড়া অন্য সবাই সুস্থ আছে। এর মানে, রিপোর্ট হাতে পাওয়ার পর ওরা সবাই সফর করতে পারবে এবং নিজেদের মতো অনুশীলনও শুরু করতে পারবে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা নজরদারিতে রাখবো এবং সর্বোচ্চ সহায়তা দিবো। তাদের নেগেটিভ রিপোর্ট আসলে এরপর ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে।

যারা শনাক্ত হননি তাদের লাহোরে আরেকবার টেস্ট করা হবে। দ্বিতীয় দফা টেস্ট শেষে যারা পুরোপুরি সুস্থ থাকবেন কেবল তারাই, ২৮ জুন বিশেষ বিমানে করে ইংল্যান্ডে উড়াল দেবেন। সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের।