মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৬:০৪

সোলাইমানির নামে নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করল ইরান

অনলাইন ডেস্ক  মার্কিন হামলায় নিহত জেনারেল কাসেম সোলাইমানির নামে তৈরি করা হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের হুমকি অগ্রাহ্য করে স্থানীয়ভাবে তৈরি ওই ক্ষেপণাস্ত্রটির প্রদর্শনী করেছে ইরান। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি।

তিনি জানান, তাদের তৈরি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটি পরিধি ১ হাজার ৪০০ কিলোমিটার। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পরিধি ১০০০ কিলোমিটারের বেশি।

রয়টার্স জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র তৈরি না করতে সতর্ক করেছে। তবে সে হুঁশিয়ারির তোয়াক্কা না করে নতুন দুটি ক্ষেপণাস্ত্র আনলো ইরান।

দেশটির সরকারি গণমাধ্যমে বলা হয়, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রূহানী বলেন, ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দুই বছরেরও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলোর পরিধি ৩০০ থেকে ১ হাজার কিলোমিটারে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিগুলো প্রতিরক্ষামূলক।