ডেস্করিপোর্ট নাটোরের সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতার আসামিরা হলেন- লালমনিরহাটের পশ্চিম সারডুবি গ্রামের পিকআপের ড্রাইভার রিপন ইসলাম (২৬) ও হেলপার রুবেল হোসেন (২৫) এবং সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা মহল্লার সাগর আলী (২২), গোডাউন পাড়া মহল্লার জিসান আলী (১৯)। আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।
সিপিসি-২, র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ ও সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।