মেহেরাব হোসেন রিফাত, বরিশাল ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কলেজ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুরুতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রথম গেট দিয়ে সড়ক ঘুরে র্যালিটি কলেজের জিরো পয়েন্টে এসে শেষ হয়। শুরুতে জিড়োপয়েন্টে সংক্ষিপ্ত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।
এ সময় ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশেদ খন শাহীনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের শুধু কলেজ ক্যাম্পাসেই নয়, নিজেদের বাসস্থান, পরিবার ও বন্ধুদের মধ্যেও ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা ছড়িয়ে দিতে হবে এবং অন্যদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। বিএম কলেজে আগে থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে সহযোগিতার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, কলেজের শিক্ষক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।
র্যালি শেষে ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ প্রয়োগ করেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে বিএনসিসির সেনা ও নৌ শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটসহ কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।