ডেস্ক রিপোর্ট গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর।
কোনাবাড়ী থানার এসআই শওকত ইমরান জানান, আহাকি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই দুই শিশু বসেছিল। সকাল ১০টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে ওই দুই শিশু কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছর। নিহত একজনের পরনে জিন্স প্যান্ট ও কমলা রঙের টি-শার্ট এবং অন্যজনের জিন্স প্যান্ট ও হালকা কালো রঙের ফুল শার্ট রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের এসআই মো. আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে লাটিম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তারা রেললাইনের পাশে লাটিম খেলছিল। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।