ডেস্করিপোর্ট বরিশালের বানারীপাড়ায় অবৈধ ট্রলিচাপায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মৃত রহিমা বেগম বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত রহম আলী ডাকুয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের পূর্বপাড়ে সংযোগ সড়কের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্র ও স্থানীয় সুত্রে জানা গেছে, রহিমা বেগম বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেশারের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্ব প্রান্তে সংযোগ সড়কের ঢালে উত্তরপাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রলির চাপায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রলিচালক পালিয়ে গেলে ও স্থানীয়রা ট্রলিটিকে আটক করেছে ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।