ডেস্করিপোর্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের বলেছেন, ভিসা নীতিকে শেখ হাসিনা ভয় করে না।
তিনি বলেন, কোনো রক্ত চক্ষুকে ভয় করে না শেখ হাসিনা। প্রয়োজনে জনগণকে নিয়ে তিনি ডালভাত খাবে তবুও কারো কাছে মাথানত করবে না।
শনিবার (২২ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, যারা আন্দোলনে হারে তারা নির্বাচনেও হারে। বিএনপি আন্দোলনে হেরে গেছে, তারা নির্বাচনে হারবে। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি। তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সাড়ে ১৪ বছরে পারেনি আগামীতেও পারবে না।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র স্বপন মিয়াজী, কবিরহাট উপজেলার সাবেক সভাপতি নুরুল আমিন রুমিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।