ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মৎস্য ব্যবসায়ী বাবু শিকদার (৩০) হত্যাকাণ্ডের মূল হোতা এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক হৃদয় সরদার ‘টোকাই মধু’ ওরফে মধু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
খুনের তিনদিনের মাথায় গতকাল সোমবার (১৮ মে) নগরীর ২৩ নং ওয়ার্ডের টিয়াখালীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, পলাশপুরে বাবু হত্যাকান্ডে পঁচিশোর্ধ্ব হৃদয় সরদার ওরফে মধু নেতৃত্ব দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশ থেকে সংরক্ষণ করা ভিডিওতে তাকেসহ বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়। তাদের মধ্যেকার মধুর দুই সহযোগী—শহীদ ও সিয়ামকে শুক্রবার ঘটনার দিনই আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, শুক্রবার (১৫ মে) ফজরের নামাজের কিছুক্ষণ পরেই নগরীর পলাশপুর তিন রাস্তার মোড়ে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যা করা হয়, যার নেতৃত্ব দেয় হৃদয় সরদার ওরফে টোকাই মধু। এই ঘটনায় ওই দিনই মধুর দুই সহযোগীকে পুলিশ আটক করে। তবে মধুসহ অধিকাংশ পলাতক ছিলেন।
রোববার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে নগরীর ২৩ নং ওয়ার্ডের টিয়াখালী এলাকার আরিফ সরদারের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই আরিফ সরদার সম্পর্কে মধুর চাচা বলে জানিয়েছে পুলিশ।
কাউনিয়া থানা পুলিশের সহকারি কমিশনার প্রদীপ কুমার জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মধু ব্যাপক তথ্য দিয়েছে। আপাতত তাকে থানা হেফাজতে রেখে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পুরো ঘটনায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করে মিডিয়ার কাছে বিস্তারিত তুলে ধরবেন মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।