ডেস্ক রিপোর্ট ।। সারাদেশে লোডশেডিং বাড়তে থাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে মাদ্রাসাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এ কার্যক্রমে সহায়তা, প্রণোদনার তথ্য ও নেট মিটারিং সংযোগের সমস্যা সমাধানে হটলাইন এবং ওয়ান-স্টপ সেবা চালু করেছে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
রোববার (১১ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন, প্রণোদনা-সংক্রান্ত তথ্য এবং নেট মিটারিং সংযোগের বিষয়ে সহায়তা পেতে সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবে মাদ্রাসাগুলো।
জরুরি সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের হটলাইন নম্বর ১৬৯৯৯। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ১৬২০০, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৬৮৯৯, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১৬১১৬, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ১৬১২০, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ১৬১১৭ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৬৬০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) হটলাইন নম্বর ০১৫৫০৭৭৭৭৭৭।
নির্দেশনায় আরও বলা হয়, টেলিফোনে যোগাযোগের পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর প্রধান কার্যালয় এবং জেলা ও উপজেলা কার্যালয়ে থাকা ওয়ান-স্টপ সেবা কেন্দ্র থেকেও সহায়তা পাওয়া যাবে। এসব কেন্দ্রে সমস্যার সমাধান না হলে বাংলাদেশ সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের ১৩ তলায় অবস্থিত বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় ওয়ান-স্টপ সেবা কেন্দ্রে যোগাযোগ করা যাবে।