ডেস্করিপোর্ট জেলাপর্যায়ে রেজিষ্ট্রেশনকৃত সিএনজি গাড়ির চলাচল নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে জেলা প্রশাসন ও বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা সিএনজি এলপিজি থ্রি-হুইলার মালিক-চালক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
তাদের অন্য দাবিগুলো হলো- মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু এবং জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিলের জন্য মহানগরীতে প্রবেশের অনুমতি এবং জেলাপর্যায়ে চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত সিএনজির শো-রুমের কিস্তি মওকুফ করতে হবে।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীর। এছাড়া অবস্থান কর্মসূচি পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম সোহান।
এসময় বক্তব্য রাখেন- ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ সদস্য সন্তু মিত্র, জেলা সিএনজি এলপিজি থ্রি-হুইলার মালিক চালক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ইসা, সদস্য আরাফাত, বেল্লাল প্রমুখ।
বক্তারা বলেন, বিআরটিএ থেকে জেলার রেজিস্ট্রেশন থাকার পর ও বাস মালিক সমিতি ও প্রশাসনের সম্মিলিত বাধায় বরিশাল জেলায় প্রায় ৪ শত সিএনজি এলপিজি থ্রি হুইলার গত ৮ মাস ধরে চলাচল করতে পারছে না।
তারা বলেন, একদিকে আন্তঃজেলা রুটে এসব গাড়ি চলাচল করতে পারছেনা আরেকদিকে গ্যাস রিফিল করার জন্য বা জরুরি রোগী পরিবহন করার জন্য মেট্রোপলিটন এলাকায় ঢুকতে পারেনা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গাড়িগুলি চলাচল করতে না পারলেও গাড়ি বিক্রয়কারী শো-রুম থেকে কিস্তির জন্য শ্রমিকদের চাপ দিচ্ছে। এজন্য তাদের তিন দফা যৌক্তিক দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ শ্রমিকদের কাছে এসে স্মারকলিপি গ্রহণ করেন। এসময় তিনি সিএনজি চলাচলের সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন।