বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩২
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কাউকে ছাড় দেব না: জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট ।। জয়পুরহাটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেছেন, প্রথমত এই সরকার দুর্নীতিকে কোথাও প্রশ্রয় দিচ্ছে না, যার বিরুদ্ধেই অভিযোগ হোক। ইতোমধ্যে আপনারা হয়তো শুনেছেন, আমাদের উপদেষ্টাদের কথাও কেউ কেউ বলেছেন। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আমরা কাউকেই ছাড় দেব না। আমরা প্রত্যেকের দুর্নীতি, যদি অভিযোগ থাকে, অভিযোগ যদি সুনির্দিষ্ট হয়, আমরা তদন্ত করে একটা একটা করে দেখব। আমরা আমাদের কার্যক্রম আপনাদের সহযোগিতায় সঠিকভাবে চালিয়ে যাব বলে বিশ্বাস করি।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ’- এ স্লোগানে সোমবার সকালে জয়পুরহাটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মাদ আবদুল মোমেন বলেন, সবার আগে নজর দিতে হবে দুর্নীতি দমন কমিশন অফিসের দিকে। আপনাদের আশপাশে যারা দুর্নীতি নিয়ে কাজ করছে- আমাদের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, প্রথম কাজ হচ্ছে যেটা দেখা- আমরা দুর্নীতিগ্রস্ত কিনা? এটা যদি সফলতার সঙ্গে দেখতে পারেন তারপর আপনারা নিজেরা কতটা সফল হবেন- সে পরীক্ষা করতে পারবেন। সেবা প্রদানকারীর সংখ্যা কিন্তু খুব কম, গ্রহীতার সংখ্যাই বেশি। কিন্তু সমস্ত ক্ষমতা আবার যারা সেবা প্রদানকারী তাদের হাতে। যারা চাইলে কাজটা সহজ করতে পারেন, চাইলে কাজটি কঠিন করতে পারেন। আমি শুধু এটা বলি না যে, সবটা চাইলেই এই মুহূর্তে করতে পারব, তা নয়। অনেক বিষয় আছে যার সাথে মামলা মোকদ্দমা জড়িত। দুর্নীতি দমন যে একটা কঠিন কাজ, সেটা গণশুনানিতে উঠে আসে।

তিনি দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা হিসেবে জয়পুরহাটকে দেখার আশা বাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক ও জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে- জয়পুরহাট জেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুস, দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে গণশুনানি শুরু হয়।

দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ গণশুনানিতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ- বিআরটিএ, জয়পুরহাটের জেনারেল হাসপাতাল, জেলা পরিষদ, জয়পুরহাট চিনিকল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, জয়পুরহাট থানা, পৌরসভা, ভূমি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি, সমাজসেবা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত ৩৩টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে মোট ৬৭টি অভিযোগের প্রকাশ্যে সেবাগ্রহীতা ও সেবা দাতাদের (দুপক্ষের) গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় সেবাগ্রহীতাদের অধিকাংশ অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয় এবং কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক নিজে সেগুলো তদন্ত করবে বলে ঘোষণা দেন দুদক চেয়ারম্যান।

এ অনুষ্ঠানে জেলার সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রধান ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।