বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৪৯
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

ডেস্ক রিপোর্ট ।। পুলিশ সদস্যদের আচরণগত সংকট দূর করে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য কাজে লাগিয়ে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইনসে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় রেঞ্জ ডিআইজি বলেন, সাংবাদিকরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মূল কারিগর। তাদের কাছে অপরাধ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বাস্তব তথ্য থাকে, তা পুলিশের কাজকে অনেক সহজ করতে পারে। পুলিশ ও সংবাদকর্মী উভয়ে সমন্বিতভাবে কাজ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন সম্ভব। একা পুলিশের পক্ষে শত চেষ্টা করেও জনসম্পৃক্ততা ছাড়া সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

অঞ্চলের সাম্প্রতিক অপরাধচিত্র তুলে ধরে ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন, বর্তমানে সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মারাত্মক রূপ নিয়েছে। এছাড়া বরিশালে মাদক, কিশোর গ্যাং এবং বিশেষ করে বর্ষা মৌসুমে ডাকাতির উপদ্রব বেড়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ পরামর্শ ও সহযোগিতা নিয়ে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হবে।

পুলিশের প্রতি জনগণের আস্থা ও সেবা প্রদানের ঘাটতি প্রসঙ্গে স্বতঃস্ফূর্ত আলাপকালে তিনি বলেন, পুলিশের অন্যতম বড় দুর্বলতা হলো আচরণগত সমস্যা ও সহমর্মিতার অভাব। থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের সাথে কনস্টেবল বা ডিউটি অফিসারদের মানবিক আচরণ করা উচিত। এ ঘাটতি মেটাতে আইজিপির নির্দেশনায় ট্রেনিং সেন্টারগুলোতে সদস্যদের আচরণগত রূপান্তরের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। উর্ধ্বতন কর্মকর্তারাও নিজেদের ইতিবাচক আচরণের মাধ্যমে অধস্তনদের সামনে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন।
তিনি আরও যোগ করেন, সামাজিক ও শিক্ষা ব্যবস্থার নানাবিধ ঘাটতি পুলিশের আচরণে প্রতিফলিত হয়। এর টেকসই সমাধানের জন্য হাইস্কুল ও কলেজে কমিউনিটি পুলিশিং বাড়িয়ে শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন এবং মাদক থেকে দূরে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব উল্লেখ করে নবাগত এই পুলিশ কর্মকর্তা বলেন, সাংবাদিকদের জন্য আমাদের দরজা সর্বদাই উন্মুক্ত। দীর্ঘদিন ধরে আপনারা পুলিশের কাজের যে গঠনমূলক সমালোচনা করে আসছেন, তা অব্যাহত রাখুন। আপনাদের বস্তুনিষ্ঠ সমালোচনা ও পরামর্শের মাধ্যমেই পুলিশ নিজেদের শুধরে নিয়ে অপরাধ দমনে সফল অভিযান পরিচালনা করতে পারবে।

নবাগত রেঞ্জ ডিআইজি সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভায় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, শাহীনা আজমিন সহ বরিশাল রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া বরিশালের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও সভায় অংশ নেন।