ডেক্সরিপোর্ট: প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত করার পর দেশ পরিচালনার জন্য গঠন করা সামরিক কাউন্সিলের প্রধান হিসেবে এক দিন পদে থাকার পর গতকাল শুক্রবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আউফ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সুদানে কারফিউ ভেঙে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করার পর তিনি এ ঘোষণা দেন।বিক্ষোভকারীদের দাবি, বশিরের বিদায়ে সামরিক শাসন নয়, বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক।
বৃহস্পতিবার ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান হিসেবে তিনি শপথ নিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আউফ। দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বসিরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
নতুন একটি বেসামরিক সরকারের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে সামরিক পরিষদ।
নতুন বেসামরিক সরকারের প্রতিশ্রুতি দিয়ে জনরোষ প্রশমনের চেষ্টার অংশ হিসেবে টেলিভিশনে দেওয়া এক ভাষণে আওয়াদ ইবনে আউফ কাউন্সিলপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন। তাঁর পদ সামলাবেন লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহা আল-বুরহান। আওয়াদ ইবনে আউফ বলছেন, শুধু তিনি নন, চিফ অব স্টাফ পদে থাকা কামাল আবদেল মারুফ আল-মাহিকে কাউন্সিলের ডেপুটি প্রধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আউফ বলেন, তাঁরা পরিবর্তন সূচনা করতে যাচ্ছেন।
পরিবর্তনের খবর আসার মাত্রই খার্তুমের রাস্তায় আনন্দ–উল্লাস শুরু করেন বিক্ষোভকারীরা।