ডেস্করিপোর্ট ছয় দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সৈকতের দ্বিতীয় ঝাউ বাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।
পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশ কানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১ টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।