মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৪

থাইল্যান্ডে যুদ্ধজাহাজ ডুবি: ৬ ক্রু সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক  ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজ ‘এইচটিএমএস সুখোথাই’ এর ছয় নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার (১৮ ডিসেম্বর) রাতে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ১০৫ জন ক্রু নিয়ে জাহাজটি ডুবে যায়। উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৭৬ জনকে উদ্ধার করতে পেরেছে।

উদ্ধারকৃতদের মধ্যে একজন নাবিক ছিলেন যাকে সমুদ্রে দুইটি উত্তাল রাত কাটানোর পর মঙ্গলবার জীবিত উদ্ধার করা হয়। জাহাজটির প্রায় এক তৃতীয়াংশ এখনো নিখোঁজ রয়েছে।

ছয়টি মরদেহ উদ্ধারের পর থাইল্যান্ডের উপসাগরে ৫০ বর্গকিলোমিটার এলাকায় নিখোঁজ ২৩ জন নাবিকের জন্য অবিরাম অনুসন্ধান চলছে। মঙ্গলবার উদ্ধার অভিযানে থাই নৌবাহিনী ও বিমান বাহিনীর কয়েকশ সদস্যের পাশাপাশি নৌবাহিনীর চারটি জাহাজ ও বেশ কয়েকটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল চোনলাথিস নাভানুগ্রহ বলেন, ‘জাহাজটি ডুবে যাওয়ার ৪১ ঘণ্টা পর আমরা একজন জীবিতকে উদ্ধার করেছি। তাই আমরা বিশ্বাস করি, সেখানে এখনও জীবিত মানুষ আছে। আমরা উদ্ধারকাজ চালিয়ে যাব।’

এর আগে নৌবাহিনীর এক কমান্ডার ভাইস অ্যাডমিরাল পিচাই লোরচুসাকুল বলেছিলেন, ‘সমুদ্রে নিখোঁজদের জীবিত উদ্ধার করতে সর্বোচ্চ দুই দিন সময় রয়েছে। লাইফ জ্যাকেট, বয় এবং তাদের (নাবিকদের) উচ্ছ্বাস কৌশল তাদের জীবন বাঁচাতে আমাদের প্রায় ৪৮ ঘণ্টা সময় দেয়। তাই মঙ্গলবার পর্যন্ত সময় আছে। আমরা তাদের উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’