শামীম আহমেদ বরিশাল-ঢাকা মহাসড়কের ছয় মাইল এলাকায় যাত্রীববাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরো চারজন।
শনিবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে বরিশালের বাবুগঞ্চে উপজেলার ছয়মাইলস্থ ইউনিক পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শরিা জানান, ঢাকা থেকে বরিশাল শহরের দিকে আসা গুনগুন ট্রাভেলস এর যাত্রীবাহি বাসের সাথে বাবুগঞ্জ উপজেলার মানিককাঠির উদ্দেশ্যে যাওয়া ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ট্রলির হেলপার (চালকের সহকারী) ও বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর এলাকার বাসিন্দা মোঃ নাদিমের মৃত্যু হয়।
অপরদিকে এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক এয়ারপোর্ট থানাধীন কলসগ্রামের বাসিন্দা কালাম হোসেনের ছেলে ও ট্রলি চালক এমদাদুল হক (৩২) কে মৃত ঘোষনা করেন।
বাকী ৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ট্রলি চালক এমদাদকে মৃত ঘোষনা করা হয়েছে। এছাড়াও আহত অবস্থায় ৪ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বাসের কোন যাত্রী আহত হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বাসের চালক ও সহকারী পালিয়েছেন। তবে বাস ও ট্রলি আটক করা হয়েছে।