আন্তর্জাতিক ডেস্ক ।। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির নেতাকর্মীদের প্রত্যাশার ঠিক উলটো বক্তব্য দিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি প্রধান আলোচক ছিলেন। এ সময় তিনি ২৪’র গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তিপূর্ণ ক্ষমতা গ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়ানোর কূটনৈতিক সাফল্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতারও প্রশংসা করেন।
নিজেদের প্রচারণার অংশ হিসাবে নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে : বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এতে হ্যারি কে টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না, একটি দেশের মানুষকেই তা বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেটাই করেছে। গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে এক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হিসাবে, নিহতের সংখ্যা ১৪০০ পর্যন্ত হতে পারে, যাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। পাশাপাশি উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর আরও আটজন সদস্য প্রাণ হারান। তাদেরও আমাদের স্মরণ করা উচিত।
রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় নিহত ছয় বছরের এক শিশুর কথা স্মরণ করে হ্যারি কে টমাস বলেন, তাদের জীবনের বিনিময়েই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে। আজ আমরা যা-ই বলি, সবার আগে এ কথাই বলা উচিত।
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নির্বাচনের ফল নিয়ে যার যা-ই মত থাকুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের স্বীকৃতি দেওয়া উচিত।
হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ থেকে সরে গেছে-এমন কথা প্রায়ই শুনি। কিন্তু যুক্তরাষ্ট্র মোটেও সরে যায়নি। ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে ওয়াশিংটন, যা আমাদের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি এবং এখনো চালু আছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে হ্যারি কে টমাস বলেন, ঢাকা এখন ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে এবং ‘পক্ষ-বিপক্ষ’ বয়ান থেকে সরে এসে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে ‘কৌশলগত ভারসাম্য’ বজায় রেখে এগোতে চায়।