ডেস্করিপোর্ট ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২০১৯ সালের ১৮ অক্টোবর অন্যের ফেসবুক একাউন্ট হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানো মামলার রায়ে বাপন দাস নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।
রবিবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এই রায় প্রদান করেন।
ঐ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. ইসতাক আহমেদ রুবেল জানান, বাপন দাসকে ৩টি ধারায় কারাদণ্ড দেওয়া হয়েছে। সবগুলো ধারার সাজা চলবে একই সঙ্গে। ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় ঐ দিনই বিপ্লব চন্দ্র তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে ভোলার বোরহানউদ্দিন থানায় একটি জিডি করেন।
এ ঘটনায় পুলিশ বিপ্লব চন্দ্র, মো. ইমন, মো. রাফসান নামে ৩ জনকে গ্রেফতার করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঐ ৩ জনকে অব্যাহতি দেয়া হয়। অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি এই ঘটনার সাথে জড়িত থাকায় বাপন দাস নামে একজন হ্যাকারকে আটক করে পুলিশ। সে ১৬৪ ধারায় জবাববন্দি প্রদান করে। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের আগস্টের ১ তারিখে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে তৌহিদি জনতা বিক্ষোভ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে। সে সময়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। গুলিতে ৪ জন নিহত হন। ঐ ঘটনায় বোরহানউদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা দায়ের হয়। যা এখনো আদালতে বিচারাধীন।