ডেস্করিপোর্ট বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। আহত এএসআই কৃষ্ণকান্ত মিত্রের দাবি, আসামির স্ত্রী তাকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছেন।
সোমবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় এএসআই কৃষ্ণকান্ত মিত্রকে মঙ্গলবার ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে আসামি এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকেরগঞ্জ থানার আহত এএসআই কৃষ্ণ জানান, ঘটনার দিন (সোমবার) বিকেল ৩টার দিকে ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে রনি হত্যা মামলার আসামি মনিরকে গ্রেপ্তার করতে অভিযানে যায় পুলিশ।
তিনি বলেন, “পুলিশের পাঁচ সদস্যের একটি দল মনিরের বাড়িতে যাওয়া মাত্রই তার স্ত্রী কুলসুম বেগম বটি এনে আমার মাথায় কোপ দিলে আমি মেঝেতে পড়ে যাই। পরে অন্যান্য পুলিশ সদস্যরা কুলসুম বেগম ও মনিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”
রনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তারেক হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত ১৯ এপ্রিল রাত ১২টার দিকে ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে মামুন মেম্বার ওরফে হাতকাটা মামুন এবং রনি মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মামুনের পক্ষের লোকজন রনি ও তার দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ ঘটনায় প্রধান আসামি মামুনের বাড়িতেও অভিযান চালায় পুলিশ।
তদন্ত কর্মকর্তা আরও জানান, পুলিশের ওপর হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধাসহ বিভিন্ন ধারায় কুলসুমের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন এসআই মিজান।
এ বিষয়ে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, “গুরুতর অবস্থায় এএসআই কৃষ্ণকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অপারেশন হয়। পরে তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।”
এএসআই কৃষ্ণ এখন শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।