বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ ইং, বিকাল ৫:৫৪
শিরোনাম :
ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ চাঁদপুরা আহমদিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপালের ইন্তেকালে রহমতুল্লাহ’র শোক ড.ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল হানিট্র্যাপ ও ব্যবসায়িক বিরোধে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস আইজিপির

ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট ।। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এ তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন আফরোজা আব্বাস। তিনি বলেন, আগের চেয়ে তিনি অনেকটাই সুস্থ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব।

এর আগে, ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি এখন অনেকটা সুস্থ। নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডে উঠে বসতে পেরেছেন, পরে চিকিৎসকরা তাকে চেয়ারেও বসান। তিনি অল্পস্বল্প কথা বলতে পারছেন, যা ইতিবাচক লক্ষণ।

এর চারদিন পরেই ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে (মির্জা আব্বাস) ফিজিওথেরাপিসহ পরবর্তী চিকিৎসার জন্য মালয়েশিয়ায় আনা হয়েছে।

বর্তমানে আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ। তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য। প্রাথমিক অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।

রাজনৈতিকভাবে বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।