ডেস্ক রিপোর্ট ।। ইসলামী ব্যাংক এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে এস আলমের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও ব্যাংকটিকে দখলমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় নগরীর বগুড়ারোড শাখার সামনে এসব কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাহক ফোরামের আহবায়ক প্রফেসর আব্দুর রব।
গ্রাহক নেতৃবৃন্দ ব্যাংকের শাখায় আগত সকল গ্রাহকদের এক ঘন্টা লেনদেন থেকে বিরত থাকতে আহবান জানালে উপস্থিত সকলে তা সাদরে পালন করে। ফলে ব্যাংকের সকল কার্যক্রম একঘন্টা বন্ধ থাকে। ঘোষিত এক ঘন্টা কলম বিরতি পালনের সময় গ্রাহকরা প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী ঘোষণার দাবি জানান।
এদিকে বিক্ষোভ সমাবেশে দখলদার এস আলমের বিচারসহ আট দফা দাবিতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। সমাবেশে অংশ নেওয়া গ্রাহকরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ব্যাংক পরিচালনা ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম বন্ধের দাবি জানান।
ব্যাংকের গ্রাহক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রাহক ইন্জিনিয়ার আঃ রব, ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, অধ্যাপক আব্দুল রাজ্জাক, মিজানুর রহমান, সুলতানুল আরেফিন, জাহাঙ্গির কবির ও তৈয়বুর রহমান আজাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচি থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীম কে অবিলম্বে বহিষ্কার, নতুন চেয়ারম্যান আওয়ামী দালাল খুরশিদ আলমের নিয়োগ বাতিল , ইসলামী ব্যাংকের উপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে, ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোর পূর্বক পদচ্যুত করা যাবেনা এবং তাকে স্বপদে ফিরিয়ে আনা, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করতে হবে, ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এম ডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।