ডেস্করিপোর্ট বরিশাল নগরীতে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসা আলোচিত মাদক ব্যবসায়ী মাসুম খান বুলেটকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে দুই নারীসহ তাকে রোববার রাতে আটক করা হয়েছে।
বুলেটের সহযোগী আটকৃত দুই নারী হলেন, বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন ৭নং চরকাউয়া ইউনিয়নের দিনারের পোল এলাকার শিকদার বাড়ির মৃত মোহাব্বত আলী শিকদারের মেয়ে পারভিন বেগম (৪০) ও যশোর জেলা শরশা থানাধীন ১নং কলোনির বাগাছড়া বকুলতলার গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ রিজিয়া আক্তার তানিয়া (৪২)। তাদেরকে ২০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল সহ আটক করা হয়।
জানাগেছে,ডিবির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতৃত্বাধীন একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি থানাধীন বৈদ্যপাড়া এলাকায় অভিযান চালিয়েছে। এবং সেখান থেকে ফেন্সিডিল ও দুই নারীসহ বুলেটকে আটক করে।
আলোচিত বুলেট বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগ নেতা খান শাহিনের ভাই। অভিযোগ আছে, সে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে বেড়াতেন।
গ্রেপ্তার বুলেট ও তার বন্ধু অ্যাডভোকেট লিখন নগরীতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালিয়ে আসছিল। গত বছরে তারা একত্রে ফেন্সিডিল আনতে যশোরে গেলে সেখানে বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা তার দুই সহযোগীকে আটক করে। এসময় কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয় তারা।
এর পূর্বে বন্ধু অ্যাডভোকেট লিখনের চেম্বার থেকে একাধিকবার মাদক উদ্ধার হলে সেখানেও বুলেটের নামটি আলোচনায় আসে। কিন্তু অদৃশ্য কারণে তাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার বা মামলায় আসামি করা হয়নি।
একটি সূত্র জানায়, বুলেট সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হলেও শহরের কালুশাহ সড়কে ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসেছেন। এবং এই এলাকারসহ আশপাশের মহল্লাগুলোতে মাদকের একটি সিন্ডিকেট তৈরি করেছেন। যশোর থেকে ফেন্সিডিল এনে তা এলাকায় বসে সরবরাহ করতেন।
গত বছর যশোরে বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে আসার পর থেকে বুলেটের ওপর নজর রাখা হচ্ছিল। রোববার ওই দুই নারী তাকে ফেন্সিডিল সরবরাহ করতে আসলে ডিবি পুলিশ সদস্যরা হাতেনাতে গ্রেপ্তার করে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছে ডিবি পুলিশ। আটকৃতদের নামে বিভিন্ন থানায়ও একাধিক মামলা রয়েছে।