ডেক্সরিপোর্ট: নেপালের দক্ষিণাঞ্চলে প্রবল ঝড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক লোক আহত হয়েছেন।
বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছ উপড়ে পড়েছে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। গতকাল রোববার রাতে নেপালের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
সোমবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নেপালের বারা জেলা ও আশপাশের এলাকায় ঝড়টি আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ঝড়ে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এ ঘটনায় টুইটে সমবেদনা প্রকাশ করে বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনায় ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার জন্য হেরিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।