মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৪
শিরোনাম :
সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী

সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত

মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। ঝালকাঠির নলছিটিতে নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা এবং সামাজিক পরিবর্তনে তরুণ তরুণীদের কার্যকর ভূমিকা নিয়ে স্থানীয় সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ নিয়েও আলোচনা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদের হলরুমে তারুণ্যের নলছিটি যুব সংগঠনের আয়োজনে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, নলছিটি থানার সেকেন্ড অফিসার সুফল সরকার, ভলান্টিয়ার্স অব নলছিটির আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত আলম ফকির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নলছিটি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনির ইউ জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী।

এ ছাড়া সরকারি নলছিটি ডিগ্রি কলেজের শিক্ষক জামাল হোসাইন, উপজেলা পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক মনিরুজ্জামান, জুলফিকার আলী ভুট্টো ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক রুবেল হোসেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি আঃ মান্নান, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত উদ্যোক্তা ও রেনেসা যুব সামাজিক সংঘের সভাপতি আক্তারুজ্জামানসহ প্রাণের টানে রক্তদান, রাইট টক বাংলাদেশ, ইস্কুল ম্যাগাজিন, তারুণ্যের নলছিটি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংলাপে বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নারী-পুরুষ সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করা, নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, অনলাইন নিরাপত্তা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এসব সামাজিক সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজের জন্য একটি ব্যাধি। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নারীদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজের সব শ্রেণি পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, নারীদের পিছিয়ে পড়া রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

সংলাপে নারী পুরুষ সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, সামাজিক কুসংস্কার ও তার প্রভাব এবং মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিয়ে অংশগ্রহণকারীদের সচেতন ও সংবেদনশীল করা হয়। আলোচনার শেষ পর্যায়ে সকলের অংশগ্রহণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

আয়োজকেরা জানান, তরুণ তরুণীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান সমস্যা সমাধানে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এ ধরনের সংলাপের মূল লক্ষ্য। এই সংলাপের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব নেতৃত্বাধীন সংগঠনসমূহ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ পায়, যা নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে।