ডেক্সরিপোর্ট বরিশালে জনসমাগম প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযানে ৬৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার ৫ এপ্রিল সকাল থেকে বরিশাল মহানগরীর চৌমাথা, নতুল্লাবাদ, কাশীপুর, সদর রোড ও ত্রিশ গোডাউন এলাকায় জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জিয়াউর রহমান এবং মোঃ সাইফুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে গাদাগাদি করে সামাজিক দূরত্ব না মেনে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বরিশাল থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনের দায়ে মনির হোসেন (২৮) ও মোঃ রিয়াজ (২৩) নামের দুইজন মোটরসাইকেল চালককে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোট ৩৫০ টাকা জরিমানা করা হয়।
এ সময় আরো কয়েকটি পরিবহনকে সতর্ক করা হয়। নগরীর সদর রোডের মোহনা ডিপার্টমেন্ট স্টোর শাটার অর্ধ খোলা রেখে ভেতরে ১৫-২০ জন গাদাগাদি করে জনসমাগম করে পণ্য বিক্রির অপরাধে সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারায় মোহনা ডিপার্টমেন্ট স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সামাজিক দূরত্ব মেনে দোকান চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও অভিযানকালে সাগরদি পিটিআই সংলগ্ন সড়কে তিনজন যাত্রী বহনকারী তিনটি মোটরসাইকেল আটক করা হয়।
সামাজিক দূরত্ব বিষয়ক নির্দেশনা অমান্য করে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা তৈরীর অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক তিনটি মোটরসাইকেল চালককে ৫০০ টাকা করে মোট ১,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদ্বয় বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।