ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ধান ভূট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করণ, অবিলম্বে প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে খোদ কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা মণ দরে ধান ক্রয়ের দাবীতে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১১টা হতে ঘন্টা ব্যাপী ঠাকুরগাঁও খোচাবাড়ী বাজারে কৃষকরা ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে অবরোধ কর্মসূচী পালন করে।
বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক মাহাবুব আলম রুবেল, থানা সিপিবি সভাপতি আহসানুল হাবিব বাবু, সংহতি বক্তব্য রাখেন জেলা উদীচী সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, আরো বক্তব্য রাখেন, কৃষক নেত্রী পেঙ্গুলা রানী, কৃষক নেতা এরশাদুল, সাইফুল ইসলাম ও এ্যাডভোকেট সৌরভ, কৃষক আব্দুস সামাদ, ছাত্র নেতা আবু বক্কর সিদ্দিক প্রমুখ। সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন জতীশ চন্দ্র বর্মন।
বক্তারা বলেন, প্রতিবারের মতো এবারও ধানের ন্যায্য মূল্য থেকে কৃষক বঞ্চিত। ব্যবসায়ী বান্ধন সরকারী কৃষি নীতিই আজ কৃষকের দুর্দশার মূল কারণ। সরকার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করলেও বাজারে তা বিক্রি হচ্ছে ৮-১২ টাকা দরে। যা দিয়ে কৃষকদের উৎপাদন খরচ উঠা তো দুরের কথা বিঘা প্রতি ৩-৫ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।যারা দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করছে, অথচ তাদের জীবনের ভিত্তিটাই আজ ধ্বংসের মুখে।
বক্তারা আরো বলেন, দেশের উৎপাদিত ফসলের কমপক্ষে ৫০ভাগ প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূলে সংগ্রহ করতে হবে। ধান সংগ্রহের জন্য প্রয়োজনীয় গোডাউন নির্মাণ করতে হবে।