ডেক্সরিপোর্ট শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি করোনা ‘পজিটিভ’ বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়। এ ঘটনায় ১৬ মে পর্যন্ত ওই মসজিদ বন্ধ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি আবাসিক ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।
সূত্র জানায়, করোনা আক্রান্ত ইমামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে। তিনি ২৮ এপ্রিল রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ধানুয়া গ্রামে গিয়েছিলেন শ্বশুরের জানাজা ও দাফন কাজের জন্য। এরপর শরীরে জ্বর নিয়ে ৩ মে ফেরেন শরীয়তপুরে। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে তিনি অবস্থান করছিলেন। এরপর মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার তার নমুনা রিপোর্ট করোনা পজিটিভ এসেছে বলে জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম চাঁদপুর থেকে আসার পর আর মসজিদে যাননি। তিনি বাসায় অবস্থান করছিলেন। তারপরও কিছু ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছিলেন। তাঁদের সবার নমুনা পরীক্ষা করা হবে। এ ঘটনায় কিছুদিনের জন্য ওই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদটি খুলে দেওয়া হবে।’
শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৯৮৩ জনের নমুনা সংগ্রহ করা হলে তার মধ্যে ৮২২ জনের রিপোর্ট পেয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ৪৮ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯০ বছর বয়সী একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪৫ বছরের আরেক ব্যক্তি ডামুড্যা পৌরসভার নিজ বাড়িতে মারা যান।