ডেক্সরিপোর্ট সরকারি বিশেষ ক্ষমায় শুক্রবার বগুড়া জেলা কারাগার থেকে মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় এক বছরের কম সাজাপ্রাপ্ত দুই নারীসহ ৮৮ জনকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে গত ৩ মে ১১ জনকে মুক্তি দেয়া হয়। এ নিয়ে এ জেল থেকে মোট ৯৯ জন খালাস পেলেন। মুক্তি প্রাপ্তদের সবাই লঘুদণ্ডে দণ্ডিত ছিলেন।
বগুড়া জেলা কারাগারের সূত্র জানায়, ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত বগুড়া জেলা কারাগার ৭২০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন। সেখানে অধিকাংশ সময় তিন গুণের বেশি হাজতি (বিচারাধীন) ও কয়েদি (সাজাপ্রাপ্ত) থাকে। ৮ মে দুপুর পর্যন্ত মোট ২ হাজার ২৯৯ জন হাজতি ও কয়েদি ছিল। এর মধ্যে পুরুষ হাজতি ১ হাজার ৮৬৫ জন ও নারী ৯৫ জন। পুরুষ কয়েদি ৩২২ জন ও নারী ১৭ জন। নারীদের সঙ্গে দুগ্ধপোষ্য দুই ছেলে ও চার মেয়ে শিশু রয়েছে।
বগুড়া জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া ৮৮ জন কারাবন্দির মধ্যে ২৮ জনকে জরিমানা ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে এবং বাকি ৬০ জনের ১০০-৫০০০ টাকা পর্যন্ত জরিমানার মাধ্যমে মুক্তি মিলেছে।
বগুড়া কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলোয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেওয়া হচ্ছে। যাদের মুক্তি দেওয়া হচ্ছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। শূন্য থেকে তিনমাস, আবার তিনমাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেওয়া হচ্ছে।