ডেক্সরিপোর্ট পাবনায় সোহান নামে ১০ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সোমবার বিকালে শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গোপালচন্দ্র ইন্সটিটিউশনের (জিসিআইস্কুল) আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত শিশু সোহান সদর উপজেলার বাংলা বাজার এলাকার মো. রিপনের ছেলে।
পুলিশ জানায়, জিসিআই স্কুলের বাগানে ফুল গাছের আড়ালে শিশুটির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে। প্রথমে শিশুটির নাম পরিচয় পুলিশ জানতে পারেনি। সন্ধ্যায় খবর পেয়ে সোহানের পরিবার থানায় এসে তাকে সনাক্ত করেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ধারালো ছুরি দিয়ে শিশুটির গলা কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলের গাছের কাঁচা আম খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তাকে হত্যা করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মেদ জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।