রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, সকাল ৯:৫২
শিরোনাম :

বরিশালে করোনা শনাক্তের রেকর্ড, আক্রান্ত ও উপসর্গনিয়ে ১২ জনের মৃত্যু

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল  সারাদেশের ন্যায় বরিশালেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনা মহামারি শুরুর পর বরিশাল বিভাগে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৬। নতুন আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৫৩২ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৭ জনের এবং আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় গোটা বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে সাতজনের এবং করোনায় আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫৬১ জনের মধ্যে ২৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৫৪ জন ও করোনা ওয়ার্ডে ৩ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৩৬ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ এবং ১৯০ জন আইসোলেশনে রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। যারমধ্যে শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৯ হাজার ৫৩২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৯৪ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ শনাক্ত ১৭৮ জন নিয়ে মোট ৮ হাজার ৫৩০ জন, পটুয়াখালী জেলায় নতুন ৩৬ জন নিয়ে মোট ২৬১৯ জন, ভোলা জেলায় নতুন ১৪ জনসহ মোট ২১১৭ জন, পিরোজপুর জেলায় নতুন ৮৪ জন নিয়ে মোট ২৫৮৩ জন, বরগুনা জেলায় নতুন ৪৩ জন নিয়ে মোট আক্রান্ত ১৫৭২ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১১১ জন।

সম্প্রতি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। হাসপাতালগুলোতে করোনার উপসর্গ ও আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আর তাই জনবল ও চিকিৎসকসহ চিকিৎসা সরঞ্জাম সংকট উদ্বেগও বাড়াচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, মূলত ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই সংক্রমণ বেড়েছে। সাধারণত আক্রান্তদের মধ্যে যাদের বয়স বেশি তাদেরই সংক্রমণের পর থেকে শারীরিক জটিলতা বেশি দেখা দিয়ে থাকে। সাথে সাথে তাদের চিকিৎসার আওতায় না আনতে পারলে ষাটোর্ধ্ব বয়স্কদের মৃত্যুঝুঁকি বেশি।