শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট)সকালে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলার ১৪টি উপজেলার ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিসসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২৬৮ জনকে চিকিৎসার জন্য এক কোটি ৩৪ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রভাষক সানজিদা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক প্রমুখ।