ডেস্করিপোর্ট পটুয়াখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) সকালে সদর উপজেলার পশ্চিম হেতালিয়া এলাকার বিথী খাতুন নামের এক নারীর ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বিথী খাতুন (৩১), মিজানুর রহমান সাগর আকন (৪০), গফফার হাং (৩২) ও বশির হোসেন (৪২)।
গ্রেফতারকৃতদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়। এদের মধ্যে মিজানুর রহমান দুই মাদক মামলায় ২৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিথী খাতুন পশ্চিম হেতালিয়া এলাকার একটি বাসায় ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ঘরের কাঠের ওয়ারড্রব থেকে ২ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ঘরে অবস্থানরত বাকি আসামিদের কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।