ডেস্করিপোর্ট বরিশালের উজিরপুরের কচা নদীতে পড়ে নিখোঁজ হওয়া মতিঝিল আইডিয়াল স্কুল থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ এসএসসি পাস করা ছাত্রী নিসাত তাসনিম তানহা (১৬) এর লাশ ২১ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার(৩০ আগস্ট) সকাল ৯টায় বানারীপাড়ার কালিবাজার সংলগ্ম সন্ধা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মু.তৌহিদুজ্জামান। পরে নিসাতের লাশ পিতা কামরুল হাসান নাসিম মোল্লা সহ তার স্বজনরা গ্রহন করে নিয়ে যায়।
জানাগেছে, নিখোঁজ ছাত্রী নিশাত তাসনিম তানহা (১৬) উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। নাসিম উপজেলার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিমউল্লাহ বলেন, গত মঙ্গলবার (২৯ আগস্ট)দুপুর ১২ টার দিকে সন্ধ্যা নদীর শাখা কচা নদীর তীরে ভবানীপুর গ্রামের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল তানহা। এ সময় ছোট ভাইকে নিয়ে নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকারে মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়। অবশেষে গতকাল তার লাশ উদ্ধার করা হয়।