ডেক্সরিপোর্ট সাতক্ষীরার শ্যামনগরের সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীকে (৩২)ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিপূর্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশতি হয়েছিল। সেই সূত্র ধরে দুদকের একটি টিম আগে থেকে তাকে গোয়ন্দো নজরদারিতে রেখেছিল।
সোমবার রাতে সাতক্ষীরা শহরের রাজারবাগানস্থ ভাড়া বাসা (ডা: সাজ্জাদুর রহমানের বাড়ি) থেকে তাকে গ্রেফতার করে দুদক। পার্থ খুলনা জেলার ডুমুরিয়া উপজলোর কালিকাপুর গ্রামের বিকাশ মুখার্জীর ছেলে।
দুদক জানায়, সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবহাটা উপজেলার দায়িত্বে ছিলেন। এর সঙ্গে তিনি শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গোলাম রেজা ১ একর ২শতক জমি ক্রয় করেন। উক্ত জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার ভাগ্নে শফিকুল ইসলামের নিকট সাব রেজিস্ট্রার এক লাখ টাকা দাবি করেন। তার দাবিকৃত এই টাকা নিয়ে শফিকুল সোমবার সন্ধ্যায় সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জীর শহরের ভাড়া বাড়িতে যান।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীল কমল পাল, ফয়সাল কাদের ও সহ পরিদর্শক শ্যামল চন্দ্র সেনসহ দুদকের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। তাকে হাতেনাতে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করে।
এ ঘটনায় দুদকের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।