ডেক্সরিপোর্ট:হাইকোর্ট থেকে বিপণন নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে বরিশালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২১ মে) দুপুরে বরিশাল নগরীর বাজার রোড ও হাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্ব উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এদিকে অভিযানের খবরে চকের পোলের পর থেকে বাজাররোড, হাটখোলা ও পেঁয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা সাময়িক ভাবে তাদের দোকান বন্ধ করে দেন।
ব্যবসায়ীদের দাবি, রোজার শুরু থেকে প্রতিদিনই কখনো জেলা প্রশাসন আবার কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এতে সাধারন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য কোন কোন ব্যবসায়ীরা সাময়িক ভাবে দোকান-পাট বন্ধ করে প্রতিবাদ জানান।