ডেক্সরিপোর্ট বরিশালে রয়েল সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন রোগীর স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই মৃত্যুর ঘটনায় তারা দায়ী নয়। এদিকে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সোমবার(২৭ এপ্রিল) নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের রয়েল সিটি হাসপাতালে ঘটেছে এ ঘটনা। মৃত রোগীর নাম সোনিয়া আক্তার।
হাসপাতাল সূত্র জানায়, এক মাস ১০ দিন আগে এই রয়েল সিটি হাসপাতালে সন্তান প্রসব করে সোনিয়া। বেশ কিছু দিন পর পেটে ব্যথা অনুভব করলে গাইনী ডাক্তার তানিয়া আফরোজ এর সাথে যোগাযোগ করে এবং তার পরামর্শ অনুযায়ী ২৩ এপ্রিল রয়েল সিটি হাসপাতালে পুনরায় ভর্তি হয়।
সোমবার রোগীর পেটে অস্ত্রোপচার করে ডা. তানিয়ার স্বামী সার্জারির ডাক্তার মো.মনিরুল আহসান। স্বজনদের দাবী রক্তের ব্যবস্থা না করে অস্ত্রোপচার করায় এবং ভুল চিকিৎসায় সোনিয়ার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবী করেছেন স্বজনরা।
ঘটনার পর ডা.তানিয়ো ও ডা. মনিরুল আহসান হাসপাতাল থেকে সরে যাওয়ায় এবং ফোন না ধরায় তাদের বক্তব্য জানা যায়নি। তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা দাবী করেন,এই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়। রোগী ডাক্তারের সাথে যোগাযোগ করে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসা যা দেবার তারাই দিয়েছে।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশনস মো.মোজাম্মেল হক জানান, খবর পেয়ে তারা ঘটনা স্থলে এসেছেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নেয়া হবে আইনি ব্যবস্থা।