ডেক্সরিপোর্ট সিরাজগঞ্জ, রাজশাহী ও টাঙ্গাইল জেলার আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। তারা ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৬১, রাজশাহীর ৫ ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সামাজিক নিরাপত্তা দূরত্ব মেনে জেলা পুলিশের আয়োজনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে অনুদান বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও চরমপন্থী দলনেতা আবু তালেব শেখ নবী।