বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:১৩
শিরোনাম :

সাধারন যাত্রীদের চরম ভোগান্তি, চার দিন ধরে বরিশালে ঢুকতে দিচ্ছেনা ঝালকাঠি বাস মালিক সমিতির বাস!

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: গত চার দিন ধরে বরিশাল জেলা বাস টার্মিনালে বা তাদের আওতাধীন সড়কে ঝালকাঠি বাস মালিক সমিতির কোন বাস ঢুকতে দেয়া হচ্ছেনা বলে অভিযোগ পাওয়া গেছে।

১৫ জুন রুপাতলী বাস টার্মিনালে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় নিয়ে বিরোধ ও সংঘর্ষের পর বরিশাল বাস মালিক সমিতি ঝালকাঠি মালিক সমিতির সকল বাস রুপাতলী ষ্টান্ড থেকে বের করে দিয়েছে বলে অভিযোগে জানাগেছে। যে কারনে ঝালকাঠি বাস মালিক সমিতি কালিজিরার রায়াপুরের নৌবাহিনীর ফরোয়ার্ড বেস এর সম্মুখে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জায়গায় স্থাপিত অস্থায়ী বাসষ্টান্ড থেকে দক্ষিণাঞ্চলের ৭ টি রুট বাদ দিয়ে নিজেদের রুটে বাস চলাচল করতে বাধ্য হচ্ছে । এতে ঝালকাঠি পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে বরিশাল যাতায়াতকারী সাধারন যাত্রীরা চরম ভোগান্তি শিকার হচ্ছে।

ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক, ন্যায্য হিস্যা আদায় সংগ্রাম কমিটির আহবায়ক ও ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ জানায়, ঝালকাঠি জেলা বাস মালিক সমিতির বাস এতোদিন ঝালকাঠি থেকে সরাসরি বরিশালে রুপাতলী বাস টার্মিনাল চলাচল করত। ১৫ জুন রুপাতলী বাস টার্মিনালে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় ঝালকাঠির বাসচালক মিলনকে মারধর করে ও ঝালকাঠি মালিক সমিতির সকল বাস রুপাতলী বাস টার্মিনাল থেকে বের করে দেয়া। যে কারনে সাধারন যাত্রীরা চরম ভোগান্তি শিকার হলেও বাধ্য হয়ে ঝালকাঠির বাস টার্মিনাল থেকে কালিজিরা ব্রীজের পশ্চিমপ্রান্তে রায়াপুর থেকে অস্থায়ীভাবে চলাচল করছে।

তিনি আরো জানান, বরিশাল বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ সবসময় ঝালকাঠি বাস মালিক সমিতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করাসহ বিভিন্ন ভাবে হয়রানী ও নাজেহাল করে থাকে যা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে প্রশাসনের নিরপেক্ষ হস্থক্ষেপ কামনা করেন ভুক্তভোগী যাত্রী সাধারন।

অন্যদিকে বর্তমানে বরিশালগামী যাত্রীদের প্রায় ৬ কিলোমিটার পথ আলফা অথবা অটোরিক্সাযোগে রুপাতলী বাস টার্মিনালে যেতে অবর্ননীয় দূর্ভোগ সহ্য করতে হচ্ছে।এতে বাড়তি অর্থ ব্যয় ছাড়াও অনেক সময় অপচয় করতে হচ্ছে চলাচলকারী সাধারন যাত্রীদের।