ভোলা প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে কেন্দ্রের বাহিরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোঃ মনির (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় এসংঘর্ষের ঘটনা ঘটে। মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ ইয়াসিন (ফুটবল) ও মোঃ ইউসুফ সিকদার (টিউবওয়েল) দুই প্রার্থীর কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। তারা ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক মনিরের নিহতের খবর নিশ্চিত করেছেন।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে।