আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল নিরাপদ সড়ক ও গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া নেয়াসহ ২ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শুক্রবার সকাল ১১ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে নিরাপদ সড়ক ও গণপরিবহনে ছাত্রদের হাফ ভাড়া নেয়া’সহ ২ দফা দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা’র আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে এবং আলেকান্দা কলেজ শাখার সংগঠক লামিয়া সাইমুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম প্রমূখ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. এ. কে. আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কিশোর কুমার বালা।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়কের আন্দোলন ২০১৮ সালের সাধারণ শিক্ষার্থীর আন্দোলন। কিন্তু এই স্বৈরাচরী সরকার এই দাবিতে কোন রকম কর্ণপাত করেনি। গত বুধবার নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম সড়ক দূর্ঘটনায় নিহত হন কিন্তু তার বিচার এবং সুষ্ঠু তদন্তেরও কোন কথা শোনা যাচ্ছে না। বরং এই দাবিতে যখন ছাত্ররা রাজপথে আন্দোলন করছে তখন ছাত্র নেতাদের উপর হামলা-নিপীড়ন চালাচ্ছে, গ্রেফতার করছে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী সরকার কোনরকম জনগণের মতামত না নিয়েই জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তার প্রেক্ষিতে বেড়ে গেছে গণপরিবহনে ভাড়া। দাবি উঠে এসেছে ছাত্রদের হাফ ভাড়া নিতে কিন্তু কোন পরিবহন তা মানছে না বরং শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দিচ্ছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, সারাদেশে নিরাপদ সড়ক চালু করতে হবে এবং নটরডেম কলেজ শিক্ষার্থী নাইম হত্যার বিচারসহ আন্দোলনে ছাত্র নেতাদের উপর পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে কোন রকম হামলা-নিপীড়ন করা যাবে না। গণপরিবহনে সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়াসহ জ্বালানি ও বর্ধিত ভাড়া কমাতে হবে।