ডেস্করিপোর্ট পটুয়াখালীতে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে পন্ড হয়ে গেছে জেলা বিএনপির সভা। শহরের বনানী এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে হামলা চালায় এমনটাই দাবি করেছে জেলা বিএনপি। এ সংঘর্ষে জেলা যুবদলের সহ-সভাপতি মাকসুদুর রহমান পরাগ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিউল বাসার উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ সহ ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি টিয়ারসেল নিক্ষেপ করে।
সদর থানা বিএনপির আহ্বায়ক কাজী মাহাবুব হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা দলীয় কার্যালয়ের সামনে সভার আয়োজন করেছিলাম। সকাল ১০টায় সভা শুরু হওয়ার আগেই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের পোলাপান আমাদের উপর হামলা চালায়।
ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবকলীগের কেউ বিএনপির ওপর হামলা চালায় নাই- এমনটা দাবি করেছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর। তিনি বলেন, এটা বিএনপির দলীয় কোন্দলের কারণে হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে।’