রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ

প্রবাসীদের ভোটার হতে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না: ইসি

ডেস্করিপোর্ট  ভোটার হতে প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে উত্তর আমেরিকা, ইউরোপসহ কয়েকটি দেশের প্রবাসীদের ভোটার হওয়ার পথ সহজ করা হলো। সেই সঙ্গে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে ইসি।

সম্প্রতি ইসি থেকে উপজেলা/থানা নির্বাচন পর্যায়ের রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে ‘দ্বৈত নাগরিক ও বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ প্রসঙ্গে’ একটি নির্দেশনা পাঠানো হয়।

ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রের আলোকে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব সনদ দাখিলের প্রয়োজন হবে না।

এছাড়া হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশের নাগরিককেও এমন সনদ নেওয়ার প্রয়োজন হবে না।

তবে বিয়ে সূত্রে বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া বিদেশিদের এ দেশে ভোটার হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব সনদ দিতে হবে।

প্রবাসী বাংলাদেশীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে বলে মাঠ কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা শুরু হয়। এসময় ভোটার তালিকাভুক্ত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়।

অন্তত ২০টি নাগরিক সেবা পেতে এনআইডি লাগছে ভোটারদের। কিন্তু শুরু থেকেই প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত হতে নানা ধরনের হয়রানির অভিযোগ আসছে। এরইমধ্যে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে বিগত তিনটি কমিশনই নানা ধরনের নির্দেশনা দিয়েও এসেছে।

ইসি কর্মকর্তারা জানান, দ্বৈতনাগরিকদের নাগরিক সনদ দেওয়ার কথা থাকলেও বিষয়টি এড়িয়ে অনেকে ভোটারও হয়ে যান। সেই সঙ্গে বিদেশে নাগরিকত্ব নেওয়া অনেক বাংলাদেশি নাগরিককের দেশে সম্পত্তিসহ নানা ধরনের সম্পৃক্ততা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের ভোটার তালিকাভুক্ত করারও বিধান রয়েছে। কিন্তু দ্বৈত নাগরিকত্ব সনদ দেওয়াকে কেন্দ্র করে অনেকেই ভোটার হতে হয়রানিরও শিকার হয়ে থাকে।

ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনও ২০১৮ সালে দ্বৈত নাগরিকত্ব সনদ দেওয়ার কথা বলেছিল। আগের স্মারকটি কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর বাতিল করল।