ডেস্করিপোর্ট বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন: রবিউল(১৬), হেলাল (৩৫), বেলায়েত হোসেন (২৬)। এছাড়াও আরিফ হোসেন(৩০) নামের এক জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ও আহত প্রত্যেকেই একই এলাকার চাচাতো ভাই বলে জানা গেছে। নিহতদের মধ্যে রবিউলের বাবার নাম জলিল খান, বেলায়েত হোসেনের বাবার নাম শাহজাহান পহলান ও হেলালের বাবার নাম হারুন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। এ সময় ঘরের চালের একটি টিন গিয়ে বিদ্যুতিক মিটারের তারের ওপর পরে। এসময় টিন ধরে থাকা অবস্থায় রবিউল, হেলাল ও বেলায়েত হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাদের বাঁচাতে গেলে আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিক স্থানীয় এলাকাবাসী ও পরিবারের স্বজনেরা মূল খাম্বা থেকে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ফেলে। পরে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স খবর দিলে তারা গিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, পুরনো ঘর ভেঙে ফেলার কাজ চলছিল। এমন সময় বিদ্যুতের তারের ওপর গিয়ে টিন পড়লে শর্টসার্কিটে তিনজন মারা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।